লন্ডন : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ন

লন্ডনে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ এর প্রথম যৌথ সভা অনুষ্ঠিত

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ১১ দফা ঘোষণা

লন্ডনে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ এর প্রথম যৌথ সভা

লন্ডনে ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ এর প্রথম যৌথ সভা


প্রকাশ: ১৫/১১/২০২৬ ০৮:০৩:১১ অপরাহ্ন

প্রবাসী বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং দেশের উন্নয়নে তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে সম্প্রতি গঠিত ‘সম্মিলিত প্রবাসী অধিকার বাস্তবায়ন পরিষদ’ (এসপিওবিপি)-এর প্রথম যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ সভার প্রথম পর্বে পরিচিতি ও প্রেস ব্রিফিংয়ে সংগঠনের ১১ দফা ঘোষণাপত্র উপস্থাপন করা হয়।

পরিষদের সভাপতি ও যুক্তরাজ্যের ইমিগ্রেশন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। 

ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ড. মুহাম্মদ আনসার মোস্তাকিম। স্বাগত বক্তব্য দেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি জাজ মোহাম্মদ বেলায়েত হোসেইন। উপদেষ্টা পরিষদের সদস্যগন এবং সহ-সভাপতি ব্যারিস্টার আতাউর রহমান ও রফিক হায়দার সংক্ষিপ্ত বক্তব্যে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। 

স্বাগত বক্তব্যে বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেইন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং সম্মিলিত প্রচেষ্টায় সাফল্য অর্জনের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি বলেন, সাম্প্রতিক বাংলাদেশ সফরে সরকারের একাধিক মন্ত্রীসহ সরকারি ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ে মতবিনিময়কালে তিনি প্রবাসীদের দাবির প্রতি আন্তরিকতা অনুভব করেছেন। 

এসব দাবি আদায়ে উপযুক্ত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে তিনি সব প্রবাসী বাংলাদেশিকে সচেতনতা, সক্রিয় উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। 

একই সঙ্গে দলীয় বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে কেবল প্রবাসী বাংলাদেশি হিসেবে সবার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন।

যৌথ সভায় উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী, বিবিসিসিআই-এর সাবেক সভাপতি অধ্যাপক শাহগির বখত ফারুক, যুক্তরাজ্যের ট্রাইব্যুনাল বিচারক নজরুল খসরু, বিবিসিসিআই-এর প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ, বিবিসিসিআই এর সাবেক সভাপতি বশির আহমদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র সাইফুল আলম, ওলামা মাশায়েখ পরিষদ ইউকের সাবেক সভাপতি মাওলানা মওদুদ হাসান, লেখক ও গবেষক ড. এ ডি এম ইউনুস এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স কমিটি ইউকের আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান।

কার্যনির্বাহী সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- দারুল উম্মাহ মসজিদ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল মালিক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও গোলাম মোর্তজা সিআইপি, সোসাইটি অফ ডেমোক্রেটিক রাইটসের সাবেক সভাপতি ব্যারিস্টার মোঃ ইকবাল হোসেন, আইনজীবী ও মানবাধিকারকর্মী সলিসিটর নাবিলা রফিক, টিভি উপস্থাপক মাওলানা মোঃ আবদুল কুদ্দুস, অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স ইউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কারীম, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সাঈদ হাসান, প্রবাসী অধিকার আদায় সংগ্রাম কমিটির সভাপতি সলিসিটর জহির আহমদ, সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার ওয়াহিদ মুহাম্মদ মাহবুর রহমান, মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামাল, সিনিয়র সাংবাদিক আকবর হোসাইন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আশরাফ পারভেজ এফসিসিএ, লেখক ও সাংবাদিক আবদুল মুনিম ক্যারল, সাংবাদিক বদরুজ্জামান বাবুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আরিফুর রহমান ভূঁইয়া, সংগঠক ও মানবাধিকারকর্মী শাহরিয়ার আলম শিপার এবং মানবাধিকারকর্মী আবদুল্লাহ আল মুনিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আবদুল হালিম সরকার ও সৈয়দ জুলকারনাইন জুম্মা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান, অফিস সম্পাদক সুমন মাহমুদ এবং অর্থ সম্পাদক জুবের আহমদ আহাদ।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সিনিয়র সহ-সভাপতি তাইসির মাহমুদ ও সাবেক সহ-সভাপতি রহমত আলীসহ বিপুলসংখ্যক সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে জনাকীর্ণ এ অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবদুল্লাহ আল মুনিম।

প্রথম পর্বে পরিচিতি ও প্রেস ব্রিফিং শেষে নৈশভোজের আয়োজন করা হয়। দ্বিতীয় পর্বে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিষদের গঠনতন্ত্র, তহবিল ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শেষে কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষণাপত্রে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাঁদের শ্রম, মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও কষ্টার্জিত রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। 

দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের এই অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং তাঁদের নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। 

ঘোষণাপত্রে প্রবাসীদের ভোটাধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্ব, দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, বিদেশে বাংলাদেশ মিশনের সেবার মান উন্নয়ন, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের সম্পদের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

ঘোষিত ১১ দফা
১. প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও বিদেশ থেকে ভোট দেওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা।
২. দ্বৈত নাগরিকত্বধারী প্রবাসীদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সৃষ্টি এবং এ জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা।
৩. জুলাই সনদে প্রস্তাবিত সংসদের উচ্চকক্ষে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
৪. বিদেশে বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও কনস্যুলেটগুলোর সেবার মান উন্নয়ন এবং জবাবদিহি নিশ্চিত করা।
৫. দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে প্রবাসীদের হয়রানি বন্ধ করে নিরাপদ ও সম্মানজনক সেবা নিশ্চিত করা।
৬. বিদেশে আটক, বিপদগ্রস্ত ও আইনি জটিলতায় পড়া প্রবাসীদের দ্রুত আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়া।
৭. প্রবাসীদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারণা ও সম্পত্তি দখলের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা।
৮. বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে সরকারি ব্যবস্থাপনায় মৃতদেহ দেশে ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা নেওয়া।
৯. প্রবাসীদের রেমিট্যান্স ও ব্যাংক আমানতের সুরক্ষা, বিনিয়োগে বিশেষ সুবিধা প্রদান এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করা।
১০. ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল শক্তিশালী করা এবং প্রবাসীদের জন্য পেনশন ব্যবস্থা চালু করা।
১১. বিদেশে উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনকারী প্রবাসীদের দেশে ফিরে কাজ করার এবং দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ নিশ্চিত করা।

ঘোষণাপত্রে আরও বলা হয়, প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সময়ের প্রয়োজন, কমিউনিটির মতামত এবং প্রবাসীদের সামগ্রিক স্বার্থ বিবেচনায় সংগঠনের কর্মপরিকল্পনায় প্রয়োজনীয় পরিবর্তন ও সংযোজন করা হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। পাশাপাশি প্রবাসীদের সংগঠিত করে কার্যকর উদ্যোগ গ্রহণ, প্রয়োজনে অধিকার আদায়ে আন্দোলন গড়ে তোলা এবং কমিউনিটির স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করা হয়।

বৈঠকে উপস্থিত উপদেষ্টাদের বক্তব্যে উঠে আসে এই সংঘঠনের প্রয়োজনীয়তা। সাবেক বিচারপতি ইমান আলী বলেন, বিলেতে বাংলাদেশীরা দীর্ঘদিন থেকেই বসবাস করছেন। 

কিন্তু এক সময় ছিল বিলেতের নাগরিকত্ব নিলে হাইকমিশনের আমলারা বলতেন বাংলাদেশের নাগরিকত্ব আবার নিতে হবে। দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতির মাধ্যমে এই সমস্যা কাটলেও দ্বৈতনাগরিকত্বধারীদের সাথে বৈষম্যমূলক বিধান রাখা হয়েছে। সকল বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চাপ তৈরি করতে হবে। তিনি তাঁর জীবনের অতীত অভিজ্ঞতা ও স্মৃতিগুলো বর্ণনা করেন। 

ব্রিটেনে বিচারক বিভাগে কর্মরত বাংলাদেশী বংশোদ্ভুত জাজ নজরুল খসরু বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকা বাংলাদেশী নাগরিকদের ভোটে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে মানবাধিকার ও নাগরিক অধিকার হরণ করা হয়েছে। 

তিনি এ বিষয়ে ইউরোপিয়ান কোন অব হিউম্যান রাইটসের একটি রায়ের উদ্ধৃতি দিয়ে বলেন, এই ধরনের আইন পুরো মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার সামিল। সুতরাং বাংলাদেশ সরকার ও বিরোধী দল গুলোর উচিত অবিলম্বে এই আইন বাতিল করা। 

বক্তাগন সকলেই প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাবী গুলো আদায় করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুন