ব্রিটেনের পর ইসরায়েলিদের ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা
দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার দায়ে তিনজন ইসরায়েলি ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।
বুধবার (১৮ নভেম্বর) দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মকাণ্ড দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। এর ঠিক একদিন আগে মঙ্গলবার পশ্চিম তীরে বসতি নির্মাণে জড়িত আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ‘নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি ও সংস্থাগুলো তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা প্রদানসহ নতুন বসতি পরিকল্পনা, সমন্বয় ও প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে।’ নতুন এই নিষেধাজ্ঞার আওতায় অস্ট্রেলীয় নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর জন্য তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থাগুলোর সঙ্গে বাণিজ্য করা বা তাদের কোনো ধরনের সহায়তা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় বসতি স্থাপনকারী সংগঠন নাচালার নেতা ড্যানিয়েলা ওয়েইস রয়েছেন, যিনি গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে সোচ্চার। এছাড়া তালিকায় থাকা আরেক ব্যক্তি এলিয়াভ লিবি তার নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ত্বরান্বিত করেছেন।
পেনি ওং জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ই-১ বসতি প্রকল্পে সহিংসতা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষুণ্ন করেছে। ই-১ প্রকল্পটি বাস্তবায়িত হলে তা ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করবে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, যা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্রের মূল ভূখণ্ডকে খণ্ডবিখণ্ড করে দেবে।
প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, চলতি সপ্তাহেই অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের একটি অংশে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গুলি চালিয়ে ৭২ বছর বয়সী এক ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে, যেখানে সম্প্রতি বসতি স্থাপনকারীরা বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি দখল করে নিয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিশ্বের অধিকাংশ দেশ এসব বসতিকে অবৈধ বলে মনে করে, যদিও ইসরায়েল এই অবস্থান অস্বীকার করে আসছে। অস্ট্রেলিয়ার সর্বশেষ এই নিষেধাজ্ঞার বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে কথা বলেছেন বলে জানান ওং।
বুধবার এবিসি রেডিওকে ওং বলেন, আমি আমাদের অবস্থান তুলে ধরেছি... আমি বলেছি আমরা বসতি স্থাপন কার্যক্রমের সঙ্গে একমত নই, আমরা এর বিরোধিতা করি। এ বিষয়ে আমাদের দীর্ঘদিনের অবস্থান রয়েছে।
গত বছর অস্ট্রেলিয়ার মধ্য-বামপন্থী সরকার শর্তসাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর এবং ডিসেম্বরে সিডনির বন্ডি সৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালীন নির্বিচার গুলিতে অন্তত ১৫ জন নিহত হওয়ার ঘটনার পর থেকে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে।