লন্ডন : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন

ইউরোপে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

ইউরোপে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা

ইউরোপে সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা


প্রকাশ: ০৩/১১/২০২৬ ০৯:৩৮:০৯ অপরাহ্ন

ইউরোপের অন্তত ১০টি দেশের অসংখ্য সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে গেছে।

গত সোমবার (২ নভেম্বর) সুপারমার্কেটগুলোর কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকিংয়ের ঘটনা ঘটে। বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি ও সুইডেনের সুপারমার্কেটগুলোতে সমস্যার খবর পাওয়া গেছে। 

সাইবার হামলার কারণে ফ্রিজারের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বিভিন্ন খুচরা বিক্রেতাকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য ফেলে দিতে বাধ্য হতে হয়েছে।

সুইডেনের সুপারমার্কেট চেইন আইসিএ ও কোপের কয়েকটি দোকানও এই হামলার শিকার হয়েছে। সুইডিশ সংবাদমাধ্যম আফটনব্লাডেটের প্রতিবেদনে বলা হয়েছে, এসব দোকানের ফ্রিজ ও ফ্রিজার বন্ধ হয়ে যাওয়ায় গলে যাওয়া এবং যথাযথভাবে সংরক্ষণ করা সম্ভব না হওয়া পণ্য ফেলে দিতে বাধ্য হন কর্মীরা।

সুইডেনের স্যোবো এলাকার আইসিএর একজন দোকানমালিক জানিয়েছেন, হ্যাকিংয়ের কারণে তাদের ফ্রিজারের তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেলজিয়াম ও লুক্সেমবার্গে সুপারমার্কেট চেইন আহোল্ড ডেলহাইজের কয়েকটি দোকানেও ‘আইটি ইনসিডেন্ট’-এর খবর পাওয়া গেছে যেখানে ফ্রিজ ও ফ্রিজারের কার্যক্রমে প্রভাব পড়ে।

সাইবার হামলার প্রভাব পড়েছে যুক্তরাজ্যের খাদ্য সরবরাহ ব্যবস্থায়ও। দেশটির খাদ্য সরবরাহ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানও এ হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) জানিয়েছে, দেশটিতে দুর্বল প্রযুক্তির সুযোগ নিয়ে সাইবার হামলার অন্তত দুটি ঘটনা সম্পর্কে তারা অবগত।

বিবিসি রেডিও ফোরের টুডে অনুষ্ঠানে এনসিএসসির প্রধান নির্বাহী ড. রিচার্ড হর্ন বলেন, যুক্তরাজ্যে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করতে তারা সারা রাত কাজ করেছেন। তিনি জানান, ঝুঁকিতে থাকা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সতর্ক করার জন্য রাতভর কার্যক্রম চালিয়েছে সংস্থাটি।

সাইবার হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মাত্র তিন সপ্তাহ আগে ফ্রান্সের প্রায় ৭০০টি মুদি দোকানে সাইবার হামলার কারণে কার্যক্রম ব্যাহত হয়। ওই ঘটনায় নষ্ট হওয়া খাবারের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরো বলে ধারণা করা হচ্ছে।

আয়ারল্যান্ডে সাইবার হামলার প্রভাবে সুপারভ্যালু চেইনের ১৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক মুসগ্রেভ গ্রুপ ঘটনাটিকে সাইবার হামলার ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

সোমবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে শীতল ও হিমায়িত খাদ্যপণ্যের সরবরাহ পুনরায় স্বাভাবিক করার কাজ জোরেশোরে চলছে।

নেদারল্যান্ডসেও অল্পসংখ্যক পাড়ার দোকানে কার্যক্রম ব্যাহত হয়েছে। এর আগে গত মাসে পৃথক একটি সাইবার হামলার কারণে দেশটির সুপারমার্কেট চেইন অ্যালবার্ট হেইনকে কয়েকটি সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

জার্মানিতে পশ্চিমাঞ্চলের রেভে বিসকেন সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থায় সাইবার হামলার কারণে বিঘ্ন ঘটে। 

প্রতিষ্ঠানটি বিবিসিকে জানায়, তাদের সিস্টেম সেবাদাতা প্রতিষ্ঠান ড্যানফসের ওপর হামলার ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সোমবার বিকেল থেকেই তাদের সিস্টেম আবার সচল হয়েছে।

পর্তুগালে মোসকেতেইরোস গ্রুপ জানিয়েছে, তাদের ইন্টারমার্শে চেইনের সাতটি দোকানে ঘটে যাওয়া সমস্যার সঙ্গে সাইবার হামলার যোগসূত্র রয়েছে। 

প্রতিষ্ঠানটির ভাষ্য, হামলাটি সম্ভবত ফ্রিজ ও হিমায়ন ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকা একটি বহিরাগত সেবাদাতা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে চালানো হয়েছে।

ফিনল্যান্ডেও কয়েকটি সুপারমার্কেটে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণে অস্বাভাবিক পরিবর্তনের খবর পাওয়া গেছে। দেশটির খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান কেসকোর পরিচালিত অন্তত কয়েকটি ছোট দোকানে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রায় পরিবর্তন লক্ষ্য করা হয়েছে। তবে এসব ঘটনার সম্ভাব্য কারণ এখনও নির্দিষ্ট করা হয়নি।

হেলসিঙ্কির কে-মার্কেট ব্র্যান্ডের লঙ্কান হারক্কু এমন একটি দোকান, যেখানে রোববার রাতে কয়েকটি শীতলীকরণ যন্ত্রে সমস্যা দেখা দেয়। 

দোকানটির মালিক সামি মুস্তোনেন জানিয়েছেন, সমস্যাটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রায় এক থেকে দুই ঘণ্টা কয়েকটি শীতলীকরণ যন্ত্র অকার্যকর ছিল। তবে এই ত্রুটির কারণ সম্পর্কে কোনো অনুমান করতে রাজি হননি তিনি।

কেসকোর নিরাপত্তা বিভাগের প্রধান পেত্রি কায়হকোর মতে, এটি ব্যাপক কোনো বিপর্যয় নয়। অল্পসংখ্যক দোকান এই সমস্যায় পড়েছে। 

এসব দোকানের ফ্রিজ ও ফ্রিজার কেন্দ্রীয় নিরাপত্তাব্যবস্থার আওতাভুক্ত ছিল না। এরই মধ্যে সংশ্লিষ্ট দোকানগুলো পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

ফিনল্যান্ডের সংবাদমাধ্যম উলে'কে কায়হকো বলেন, ‘আমরা বর্তমানে ঘটনার কারণ অনুসন্ধান করছি। নেটওয়ার্ক-সম্পর্কিত কোনো বিঘ্নের কারণে এটি ঘটেছে কি না, সেই সম্ভাবনাও আমরা এখনো উড়িয়ে দিচ্ছি না।

অন্যদিকে ফিনল্যান্ডের সাইবার নিরাপত্তা কেন্দ্রের আইটি নিরাপত্তা বিশেষজ্ঞ রনি কোক্কোলা জানিয়েছেন, অল্পসংখ্যক দোকানের শীতলীকরণ যন্ত্র সরাসরি উন্মুক্ত ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত ছিল।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারে এমন সব ডিভাইস নিয়মিত হালনাগাদ করা এবং যথাযথ নিরাপত্তার আওতায় রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করা।’

আরও পড়ুন