লন্ডন : রবিবার, ০২ আগস্ট ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ন

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ পর্যন্ত কর ছাড়

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ঢাকা।


প্রকাশ: ০২/০৮/২০২৬ ০১:০৬:০০ অপরাহ্ন

চলতি ২০২৬-২৭ করবর্ষে নির্ধারিত সময়ের শুরুতেই আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে নতুন কর প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

নতুন বিধান অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর সর্বোচ্চ ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। রবিবার (২ আগস্ট) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) করদাতারা রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ, তবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা বা কর ছাড় পাবেন।

তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনও ধরনের কর প্রণোদনা মিলবে না।

এনবিআর জানায়, নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিলকারীদের অতিরিক্ত করও দিতে হবে। সে ক্ষেত্রে ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা— যেটি বেশি হবে, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা— যেটি বেশি হবে, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

এনবিআরের ভাষ্য, সময়মতো রিটার্ন দাখিলে কর প্রণোদনা চালুর ফলে করদাতারা নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন জমা দিতে আরও উৎসাহিত হবেন। এতে স্বেচ্ছায় কর পরিপালনের সংস্কৃতি জোরদার হওয়ার পাশাপাশি কর প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ ও সুশৃঙ্খল হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু হয়েছে। করদাতারা ঘরে বসেই এনবিআরের ই-ট্যাক্স প্ল্যাটফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। একইসঙ্গে ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুবিধাও রয়েছে।

রিটার্ন সঠিকভাবে দাখিল করলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে। অনলাইনে রিটার্ন দাখিলে কোনও সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

এনবিআর করদাতাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করে কর প্রণোদনার সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে। সংস্থাটি স্পষ্ট করেছে, ৩০ সেপ্টেম্বরের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এই কর প্রণোদনা আর প্রযোজ্য হবে না।

আরও পড়ুন