লন্ডন : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ০৮:৩২ অপরাহ্ন

রাশিয়ার প্রত্যক্ষ মদদে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

রাশিয়ার প্রত্যক্ষ মদদে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়িতে অগ্নিসংযোগ

রাশিয়ার প্রত্যক্ষ মদদে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়িতে অগ্নিসংযোগ


প্রকাশ: ১৮/০৬/২০২৬ ১০:০০:০০ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনার পেছনে রাশিয়ার প্রত্যক্ষ মদদের তথ্য উন্মোচন করেছে বিবিসি। 

২০২৫ সালে উত্তর লন্ডনে প্রধানমন্ত্রীর সাবেক একটি গাড়ি এবং শ্যালিকার ভাড়াবাড়িসহ দুটি আবাসে হামলার দায়ে ইউক্রেনীয় নাগরিক রোমান লাভরিনোভিচ ও রোমানীয় নাগরিক স্ট্যানিসাভ কার্পিউককে লন্ডনের ওল্ড বেইলি আদালত দোষী সাব্যস্ত করেছেন।

আদালতে ঘটনাটি কেবল আর্থিক উদ্দেশ্য হিসেবে দেখানো হলেও বিবিসির অনুসন্ধানে এর পেছনে ক্রেমলিনের সুদূরপ্রসারী রাজনৈতিক চক্রান্তের প্রমাণ মিলেছে। 

তদন্তে দেখা গেছে, টেলিগ্রামে ‘ইএল’ ছদ্মনাম ব্যবহার করে অর্থ ও রুশ নাগরিকত্বের প্রলোভনে লাভরিনোভিচকে এই অন্তর্ঘাতমূলক কাজে নিয়োগ করা হয়েছিল। লাভরিনোভিচ জানতেনই না যে, তিনি প্রধানমন্ত্রীর সম্পত্তিকে লক্ষ্যবস্তু করছেন। 

বিবিসির দাবি, এই ‘ইএল’ আসলে ২৩ বছর বয়সী রুশ কূটনীতিক ইয়েভজেনি লিউকশিন, যিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার ছেলে এবং ক্রেমলিন-নিয়ন্ত্রিত তথ্যযুদ্ধ প্রোপাগান্ডায় প্রশিক্ষিত। 

রুশ এজেন্টরা টেলিগ্রামের মাধ্যমে যুক্তরাজ্যে ভুয়া উগ্র-ডানপন্থি ও মুসলিমগোষ্ঠী তৈরি করে সাম্প্রদায়িক ভাঙচুর, সামাজিক বিভেদ ও ভীতি ছড়াচ্ছিল। এমনকি স্টারমারের ওপর হামলার পর তারা অনলাইনে ভুয়া স্ক্যান্ডাল ছড়ায়, যা উগ্র-ডানপন্থি ইসলামবিদ্বেষী অ্যাক্টিভিস্ট টমি রবিনসন এবং পুতিনের বিশেষ দূতরা শেয়ার করেছিলেন।

যদিও যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে যে, রাশিয়ার কোনো আগ্রাসী উদ্দেশ্য নেই। 

তবে বিবিসির পক্ষ থেকে অভিযুক্ত লিউকশিনের সঙ্গে যোগাযোগের কয়েক ঘণ্টার মধ্যেই ইন্টারনেটের প্রোপাগান্ডা চ্যানেলটি রহস্যজনকভাবে হাওয়া হয়ে যায়। 

যুক্তরাজ্য ও ইউক্রেনের গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, এটি সরাসরি ক্রেমলিনের শীর্ষ পর্যায় থেকে পরিচালিত একটি গোপন হাইব্রিড অপারেশন।

আরও পড়ুন