বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের নির্বাচন সম্পন্ন
বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের সাধারণ সভা ও নির্বাচন গত ১১ মে সোমবার পূর্ব লন্ডনের আল খায়ের ফাউন্ডেশন হলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আবু বক্করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইস্ট লন্ডন মসজিদের ইমাম শায়খ আবুল হোসাইন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট লন্ডন মসজিদ অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টারের সাবেক চেয়ারম্যান আয়ুব খান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ এবং সমাজসেবী আব্দুল মালিক।
সভায় ২০২৪-২০২৫ সেশনের সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান এবং ট্রেজারার আহমেদ হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ আবুল হোসাইন খান বলেন, সমাজের জন্য কাজ করার মূল উদ্দেশ্য যদি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তবে সেই সমাজ অবশ্যই ভালো কিছু উপহার দিতে সক্ষম হবে।
পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব। প্রত্যেক মুমিনের উচিত ঐক্যবদ্ধভাবে কাজ করা।