রাজনীতির মাঠে উত্তপ্ত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
জুলাই আন্দোলনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সম্প্রতি দলটিকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন।
বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট অডিও-বার্তায় ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। প্রায়ই ঝটিকা মিছিল করছেন নেতাকর্মীরা। অনেক সময় হামলা ও গ্রেফতারের ঘটনাও ঘটছে।
সর্বশেষ সোমবার (৯ নভেম্বর) ‘হাসিনার দেশে ফেরা নিয়ে তার পক্ষে নতুন পাসপোর্টের জন্য আবেদনের’ খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারের মন্ত্রী ও দায়িত্বশীলরা এ প্রসঙ্গে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত কয়েক দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি জাতীয় সংসদের অধিবেশনেও শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাকে প্রতিহত করার সক্ষমতা চেয়ে মোনাজাত করেন ধর্ম প্রতিমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা-বিতর্কে জড়ান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রশ্ন উঠেছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে?
কার্যক্রম নিষিদ্ধি থাকলেও দেশের রাজনীতিতে ঘুরেফিরে আলোচনায় আসছে আওয়ামী লীগ। বিশেষ করে ডিসেম্বরে দলটির নেত্রী শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন? এ বিষয়ে সরকারের অবস্থান কী হবে? তিনি আসলে কোন প্রক্রিয়ায় আসবেন? এ নিয়েও বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। আবার এই মুহূর্তে দলটির প্রধান নেত্রী দেশে আসলে কী হবে? আবার না আসলেই-বা কী হবে?
সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সোমবার বিকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এসব কথা বলেন।
একই দিন দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে প্রতিদিন ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক তৈরি করে তার ফেরার দিবাস্বপ্ন সফল হবে না।
ক্ষমতাসীন দলের দায়িত্বশীলদের এমন বক্তব্যের বিষয়ে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, পুরোনো দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় থাকতে চাইবে না।
তারা নড়াচড়া করতে চাইবে—এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আবার বিএনপি এবং জামায়াতও তাদের পুরোনো প্রতিদ্বন্দ্বীকে কিছুটা কোণঠাসা করে রাখতে চাইবে। সহজে ফিরে আসতে দিতে চাইবে না। এটা রাজনীতির ক্ষমতার খেলা।
তিনি বলেন, তাদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলতেই থাকবে। আওয়ামী লীগ ফিরতে চাইবে, আর তারা ফিরতে দিতে চাইবে না। এতে করে দেশে কিছুটা অস্থিরতা ও অনিশ্চয়তা থাকবে। এই পরিস্থিতি মেনে নিতে হবে।
রাজনৈতিক ভাষ্যকার আলতাফ পারভেজের মতে, রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে এলেই যে আমরা নতুন বা উন্নত কোনও রাজনীতি পাবো, তা-ও নয়। আবার তারা ফিরে না এলেই যে আমরা খুব স্বর্গে থাকবো, তাও নয়।
তিনি আরও বলেন, রাজনীতিতে আওয়ামী লীগের আসা বা না আসা— দুটোই একই বিষয়। বিএনপির অধীনে থাকা যেমন, আওয়ামী লীগের অধীনে থাকাও তেমন। এখানে বাংলাদেশের মৌলিক কোনও পরিবর্তনের বিষয় নেই। অর্থাৎ আমরা যেখানে ছিলাম, সেখানেই আছি— জিরো পয়েন্টেই আছি।
গত কয়েক দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সরকারি বিভিন্ন দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এসব নাশকতার ঘটনা ঘটে।
বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ৮ ও ৯ নভেম্বর পরপর দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজনীতির উত্তপ্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে বলে মনে করেন কেউ কেউ। আবার বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
পুলিশের দাবি, এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, ককটেল বিস্ফোরণে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এতে কারা জড়িত বা আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার সঙ্গে এর যোগসূত্র আছে কি না, তা সরকারকেই খুঁজে বের করতে হবে। পাশাপাশি তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও আরও গুরুত্ব দেওয়ার দাবি জানান।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনীতির উত্তপ্ত ময়দানে ও দলটির নেতাকর্মীদের তৎপরতাকে ঘিরে প্রশ্ন ওঠেছে— সত্যিই কি আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে আওয়ামী লীগ?
বর্তমান বাস্তবতায় এটি সম্ভব কি না, জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আসলে শেখ হাসিনা আসবেন না। আর আসলেও তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আসবেন এবং ফাঁসির মঞ্চে যাবেন।
তার মতে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা দেশের মানুষের সঙ্গে যে ধরনের অমানবিক আচরণ করেছেন, তার বিচার না হওয়া পর্যন্ত দেশের মানুষ তাকে প্রতিহত করবে। তা তিনিও ভালো করেই জানেন। তাই তিনি আসবেন না। কিন্তু যে ধরনের হুমকি দিচ্ছেন, তা শুধু ফাঁকা আওয়াজ। নেতাকর্মীদের উজ্জীবিত করতেই তিনি এসব কথা বলছেন।
একই ধরনের কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনও ডিসেম্বরেই ‘আপার’ দেশে আসার সুযোগ নেই। এলেও তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। রবিবার (৮ নভেম্বর) নোয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আসলে শেখ হাসিনা তো এ ধরনের হুমকি-ধমকি সব সময়ই দিয়ে আসছেন। তিনি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি চাইলেই চট করে ঢুকে পরবেন— আর তার দল আওয়ামী লীগ আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে, বিষয়টি এত সহজ নয়। আমরা মনে করি, তিনি আসবেন না। আর জোর করে আসতে চাইলেও দেশের মানুষ তাকে প্রতিহত করবে।
মূলত, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করে করে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৫ সালের ১১ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আর ১২ ফ্রেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর গত ৯ এপ্রিল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের এ সংক্রান্ত অধ্যাদেশের সিদ্ধান্ত বহাল রাখে সরকার।
এতে বলা হয়, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনও সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। এর বাইরেও দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ করা হয়।