পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দেশটির নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন নোংরা খেলা খেলেছে।
পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মঙ্গলবার বলেন, আমি পদত্যাগ করবো না। তিনি দাবি করেন, আমার প্রকৃত প্রতিদ্বন্দ্বী ছিল নির্বাচন কমিশন, বিজেপি নয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মমতা বলেন, আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি পদত্যাগপত্রও জমা দেব না।
সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে অভিযোগ করে মমতা বলেন, এভাবেই তারা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন বাংলা থেকে নির্বাচন চুরি করেছে।
৭১ বছর বয়সী মমতা এদিন আরও বলেন, আমার পেটে এবং বুকে লাথি মারা হয়েছে। সিসিটিভি বন্ধ ছিল। আমাকে গণনা কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। একজন নারী হিসেবে আমার সাথে খারাপ আচরণ করা হয়েছে।
গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তাদের ওয়েবসাইটে দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ২০৭ আসনে জয় পেয়েছে।
অন্যদিকে মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন। রাজ্যটিতে সরকার গঠন করতে হলে ১৪৮টি আসনে জয় পেতে হয়।
এদিকে বিজেপি আগামী ৯ মে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান করবে বলে জানিয়েছে। রাজ্যটিতে এবার মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিজেপির শুভেন্দু অধিকারী।