লন্ডন : বুধবার, ২৫ মার্চ ২০২৬ ০৭:৫৭ অপরাহ্ন

ইরান যুদ্ধে ইসরায়েলের খরচ ৬৪০ কোটি মার্কিন ডলার

ইরান যুদ্ধে নিহত ইসরায়েলের সৈন্য

ইরান যুদ্ধে নিহত ইসরায়েলের সৈন্য


প্রকাশ: ২২/০৩/২০২৬ ১১:৫৫:৪১ পূর্বাহ্ন

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপরই শুরু হয় ইরান যুদ্ধ।

এ যুদ্ধের প্রথম ২০ দিনে ইসরায়েলের খরচ হয়েছে ছয় দশমিক চার বিলিয়ন বা ৬৪০ কোটি মার্কিন ডলার। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের দৈনিক হারেৎজ।

প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, যুদ্ধের ২০ দিনে প্রতিদিন গড়ে ইসরায়েলের খরচ হয়েছে এক বিলিয়ন শেকেল (ইসরায়েলের মুদ্রা) বা ৩২০ মিলিয়ন ডলার।

সূত্রগুলো জানিয়েছে, যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের মোট বাজেট প্রায় ৩৯ বিলিয়ন শেকেল বা এক হাজার ২৫০ কোটি ডলার। বর্তমান ব্যয়ের হার অনুযায়ী তেল আবিব কতদিন আক্রমণ চালাতে পারে সে সম্পর্কে অনুমান করা সম্ভব।

ইসরায়েলের সামরিক বাহিনী আরও বাজেটের জন্য আবেদনের প্রস্তুতি নিয়েছে।

গত রবিবার ইসরায়েলি কর্তৃপক্ষ জরুরি বাজেট হিসেবে ৮২৫ মিলিয়ন ডলার অনুমোদন করেছে। জরুরি নিরাপত্তা সরঞ্জাম ক্রয়ের জন্য এ অর্থের অনুমোদন দিয়েছে তারা। এ অর্থ দিয়ে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনা হবে।

এদিকে, ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২ নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, তেল আবিব ২০২৬ সালের ব্যয় পরিকল্পনা সংশোধন করে এ অর্থায়ন করবে বলে আশা করা হচ্ছে।

এ পরিসংখ্যান সংঘাতের আর্থিক ক্ষতির একটি ক্রমবর্ধমান চিত্র তুলে ধরে।

অন্যদিকে, ইরান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র এক হাজার ২০০ কোটি ডলার খরচ করেছে বলে গত রবিবার জানিয়েছেন হোয়াইট হাউসের ইকোনোমিক উপদেষ্টা কেভিন হাসেট।

পেন্টাগন আলাদাভাবে হোয়াইট হাউসের কাছে দুই হাজার কোটি ডলারের বেশি একটি অতিরিক্ত অর্থায়ন প্যাকেজ অনুমোদনের অনুরোধ করেছে, যা কংগ্রেসে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন