লন্ডন : বুধবার, ২৫ মার্চ ২০২৬ ০৭:৫৫ অপরাহ্ন

ইরানে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প


প্রকাশ: ২২/০৩/২০২৬ ১১:৫১:৫৭ পূর্বাহ্ন

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে নেওয়ার’ চিন্তাভাবনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক ঘোষণায় তিনি এই ইঙ্গিত দেন।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও পাহারার দায়িত্ব এখন এই পথ ব্যবহারকারী অন্যান্য দেশগুলোকেই নিতে হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টাকে গুটিয়ে নেওয়ার বিষয়টি আমরা বিবেচনা করছি। আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি।

নৌপথের নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি পাহারা দেওয়া এবং সেখানে শৃঙ্খলা বজায় রাখার কাজ এখন থেকে প্রয়োজনীয়তা অনুযায়ী সেই জাতিগুলোকেই করতে হবে যারা এটি ব্যবহার করে। যুক্তরাষ্ট্র এটি (ব্যবহার) করে না!

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছায়। প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় এ পর্যন্ত প্রায় ১,৩০০ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৫০ জনেরও বেশি শিশু প্রাণ হারিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলার জবাবে ইরানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। তারা ইসরায়েল এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে, যা চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে।

আরও পড়ুন