পরিবেশদূষণ ও অবৈধভাবে বর্জ্য ফেলার বিরুদ্ধে কঠোর হচ্ছে হ্যারো কাউন্সিল; আগাম জরিমানা পরিশোধে ছাড়ের সুযোগও থাকছে
রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় কঠোর অবস্থানে হ্যারো কাউন্সিল।
উত্তর-পশ্চিম লন্ডনের হ্যারো কাউন্সিলের রাস্তাঘাটে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা এবং অবৈধভাবে বর্জ্য স্তূপ করে রাখার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় সরকার কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রকাশ্য স্থানে ময়লা ফেললে সর্বোচ্চ ৭৫০ পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। একই সঙ্গে গুরুতর ফ্লাই-টিপিং বা অবৈধভাবে বর্জ্য ফেলার ঘটনায় জরিমানার পরিমাণ বাড়িয়ে ৫ হাজার পাউন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কাউন্সিলের ক্যাবিনেট সভায় জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব অনুমোদিত হয়। এর ফলে লন্ডনের বরোগুলোর মধ্যে হ্যারোই প্রথম কাউন্সিল হিসেবে ময়লা ফেলার জন্য সরকারের অনুমোদিত সর্বোচ্চ ৭৫০ পাউন্ড জরিমানা কার্যকরের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে দ্য লন্ডন স্ট্যান্ডার্ড।
নতুন নিয়মে প্রকাশ্য স্থানে ময়লা ফেলার জরিমানা ৫০০ পাউন্ড থেকে বাড়িয়ে ৭৫০ পাউন্ড করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করলে ৩০০ পাউন্ডে নিষ্পত্তির সুযোগ থাকবে।
এ ছাড়া পাবলিক স্পেস প্রোটেকশন অর্ডার (PSPO) লঙ্ঘনের জরিমানা ১০০ পাউন্ড থেকে বাড়িয়ে ৫০০ পাউন্ড করা হয়েছে। অন্যদিকে, গুরুতর অবৈধ বর্জ্য ফেলার ঘটনায় সর্বোচ্চ ৫ হাজার পাউন্ড জরিমানার বিধান রাখা হয়েছে।
কাউন্সিল জানিয়েছে, সব ধরনের ফ্লাই-টিপিংয়ের ক্ষেত্রে ৫ হাজার পাউন্ড জরিমানা প্রযোজ্য হবে না। অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় বিশেষ কিছু ক্ষেত্রে এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ করে বিপজ্জনক বর্জ্য, অ্যাসবেস্টসের মতো ক্ষতিকর পদার্থ ফেলা, বারবার একই অপরাধ করা, একাধিক বস্তা বর্জ্য ফেলে রাখা কিংবা বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে বর্জ্য ফেলার মতো বিষয়গুলোকে গুরুতর অপরাধের কারণ হিসেবে বিবেচনা করা হবে।
কাউন্সিলের ক্যাবিনেট সভায় বিষয়টি নিয়ে বক্তব্য দিতে গিয়ে কাউন্সিলর প্যাটেল প্রীতেশ বলেন, সরকার স্থানীয় কর্তৃপক্ষের জন্য সর্বোচ্চ জরিমানার সীমা বাড়িয়েছে। এর ফলে পরিবেশবিরোধী অপরাধ মোকাবিলায় কাউন্সিলের হাতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তাঁর ভাষায়, ময়লা ফেলা ও অবৈধভাবে বর্জ্য অপসারণ শুধু এলাকার পরিবেশ নষ্ট করে না, বরং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান ও নিজ এলাকার প্রতি গর্ববোধেও নেতিবাচক প্রভাব ফেলে। এসব পরিষ্কার করতে করদাতাদের অর্থও ব্যয় হয়।
তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ নিয়ম মেনে চললেও একটি সংখ্যালঘু অংশের দায়িত্বহীন আচরণের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই অপরাধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর শাস্তি নিশ্চিত করা জরুরি।
হ্যারো কাউন্সিল দীর্ঘদিন ধরে ফ্লাই-টিপিং বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, অপরাধীদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এবং প্রয়োজনে আদালতে মামলা করার মতো উদ্যোগ রয়েছে।
তবে এসব পদক্ষেপের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। ২০২৬ সালের জানুয়ারিতে হ্যারো উইল্ড এলাকার ওয়েইটন রোডে অবৈধভাবে বর্জ্য ফেলার ঘটনায় যথেষ্ট ব্যবস্থা না নেওয়ায় কাউন্সিল সমালোচনার মুখে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, ওই এলাকায় কয়েক দিন পরপরই বর্জ্য পরিষ্কার করতে হয়। সেখানে সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও আগের এক বছরে মাত্র সাতজনকে জরিমানা করা হয়েছিল।
এদিকে, জরিমানা কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান কিংডমের সঙ্গে কাউন্সিলের চুক্তি ও তদারকি ব্যবস্থাও সম্প্রতি পর্যালোচনার মুখে পড়ে। সংস্থাটির দুই কর্মী বডি-ওর্ন ক্যামেরা বন্ধ রেখে একজন সাধারণ নাগরিককে হুমকি দেওয়ার অভিযোগে চাকরি হারান।
পরবর্তী সময়ে সেবাটি চালু থাকলেও কাউন্সিলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা পরতে হবে। অন্যথায় তাঁদের দেওয়া জরিমানা বৈধ বলে গণ্য হবে না।
নতুন এই কঠোর ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে হ্যারো কাউন্সিল স্থানীয় পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং অবৈধ বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে চায়।