আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরা আল নাহিয়ান
যুক্তরাজ্যের লন্ডনের একটি ব্যস্ত রাস্তায় তিন বছরের এক শিশুকে সঙ্গে নিয়ে অচেতন অবস্থায় পাওয়া গেছে আবুধাবির রাজপরিবারের এক সদস্যকে।
কোকেন সেবনের পর অতিরিক্ত ক্লান্তির কারণে তিনি রাস্তায় লুটিয়ে পড়েছিলেন বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ৩২ বছর বয়সী মাহরা আল নাহিয়ান বৈবাহিক সূত্রে আমিরাতের রাজপরিবারের সদস্য।
গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি ব্যস্ত সড়কে তাকে খালি পায়ে ফুটপাতের রেলিংয়ের পাশে এক অচেতন ব্যক্তির সঙ্গে পড়ে থাকতে দেখা যায়। তার পাশেই খালি পায়ে খেলছিল তিন বছরের শিশুটি। পথচারীরা শিশুটির দেখভাল করার পাশাপাশি পুলিশকে খবর দেন। পুলিশ আসার পরও তিনি প্রায় আধা ঘণ্টা অচৈতন্য ছিলেন।
জ্ঞান ফেরার পর তিনি উপস্থিত লোকজনকে উদ্দেশ করে বলেন, এটি কোনও কসাইখানা নয়; আপনারা এত বেশি চিন্তা করছেন কেন? আপনাদের এত ভয়ের কী আছে?
সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মঙ্গলবার শিশু অবহেলার একটি অভিযোগ স্বীকার করে নেন নাহিয়ান। আদালতে তল্লাশির সময় তার কাছে মাদক সেবনের নানা সরঞ্জাম পাওয়া গেলেও কোনও অবৈধ মাদকদ্রব্য পাওয়া যায়নি।
নাহিয়ানের আইনজীবী স্টিভেন ভুল্লো কেসি আদালতে জানান, ঘটনার দিন রাজপরিবারের ওই সদস্য কোনও মাদক গ্রহণ করেননি, তবে আগের দিনগুলোতে কোকেন ব্যবহারের ফলে তিনি খুব ক্লান্ত ছিলেন।
আইনজীবী আরও জানান, নাহিয়ান তার এই আসক্তি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ অনুশোচনা ও সংকল্প দেখিয়েছেন এবং সেদিন তিনি একটি মারাত্মক ভুল করেছিলেন যা তিনি জানেন।
ঘটনার পর তাকে সারির ওয়োকিংয়ের প্রিওরি ক্লিনিক-এ মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছিল।
মামলার রায়ে বিচারক জনসন কেসি মাহরা আল নাহিয়ানকে দুই বছরের কমিউনিটি অর্ডার এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার নির্দেশ দেন। এছাড়া তাকে মোট ১১ হাজার ৫০০ পাউন্ড জরিমানা করা হয়।
রায় দিতে গিয়ে বিচারক জনসন কেসি মন্তব্য করেন, পথচারীদের হস্তক্ষেপে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। অন্যথায় তারা গুরুতর আহত হতে পারতেন। ৩ বছরের শিশুটি হয়তো হারিয়ে যেতে পারত, অপরিচিত কারও দ্বারা অপহৃত বা ক্ষতিগ্রস্ত হতে পারত কিংবা রাস্তায় আপনাদের দুজনকে অচেতন দেখে আতঙ্কিত হতে পারত।
উল্লেখ্য, বৈবাহিক সূত্রে মাহরা আল নাহিয়ান যে আবুধাবি রাজপরিবারের সঙ্গে যুক্ত, সেই পরিবারের মোট সম্পদের পরিমাণ ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) ডলার এবং বৈশ্বিক বিনিয়োগ ও তেল মজুতে তাদের রয়েছে ব্যাপক প্রভাব।