গণভবনের পেছনে ও বুদ্ধিজীবী কবরস্থানে বোমাসদৃশ বস্তু
রাজধানীর গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ককটেল ও পেট্রোলবোমাসদৃশ বেশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে।
পরে ঘটনাস্থলে পৌঁছে এসব বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করার কাজ শুরু করে এসআরবি-২ এর বোম্ব ডিসপোজাল ইউনিট।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তুর তথ্য পাওয়া যায়।
এসআরবি-২-এর স্পেশাল কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুহতারিম এসব তথ্য জানান।
তিনি বলেন, তথ্য পাওয়ার পর এসআরবি-২ এর একটি বিশেষ দল ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছু বোমাসদৃশ বস্তু নিষ্ক্রিয় করে।
এরপর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায়ও একই ধরনের ককটেল বোমাসদৃশ কিছু বস্তু থাকার তথ্য পাওয়া যায়। বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি বিশেষ দল এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখেছে।
এসআরবি-২ এর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন এসআরবি-২ এর এ কর্মকর্তা।