লন্ডন : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ০৪:৫৪ অপরাহ্ন

সিলেটে এবার দুই দফা হামলা এনসিপির গাড়িবহরে

সিলেটে এবার দুই দফা হামলা এনসিপির গাড়িবহরে

সিলেটে এবার দুই দফা হামলা এনসিপির গাড়িবহরে


প্রকাশ: ৩০/০৭/২০২৬ ০৩:৪৬:০০ অপরাহ্ন

হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। 

আজ বৃহস্পতিবার দুপুর তিনটির দিকে পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটেছে। এর আগে গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনী এলাকায় গাড়িবহরটি পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে এনসিপি।

জানা গেছে, আজ দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে গণ-অভ্যুত্থানে নিহত ৭ শহীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন এনসিপির নেতাকর্মীরা। 

সভা শেষে এনসিপির গাড়িবহর পৌরসভা গেইট এলাকা অতিক্রমের সময় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা ‘এনসিপি, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কিছু সংখ্যক মানুষ গাড়িবহরের দিকে ইটপাটকেল ছুঁড়ে সারজিস আলমকে বহন করা একটি গাড়ির পেছনের কাঁচ ভেঙে ফেলে।

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের বাঁধা দিলে দ্রুত সিলেট শহরের দিকে চলে যায় এনসিপির গাড়িবহর। এর আগে, দুপুরে সভায় যোগ দেওয়ার সময়ও একইভাবে স্লোগান দেন ছাত্রদল কর্মীরা।

এদিকে দুপুর সোয়া ৩টার দিকে ফেসবুক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সার্জিস আলম লেখেন, সিলেটের পাঁচ মাইল বাজারে দ্বিতীয় দফায় বিএনপি তাদের ওপর আক্রমণ করেছে।

এর ৩০ মিনিট আগে আরেক পোস্টে তিনি লেখেন, সিলেটের গোলাপগঞ্জে আবার তাদের গাড়িতে হামলা করেছে বিএনপি। তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ‌সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (দিনা‌র) গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদলের‌ নেতা–কর্মীদের একজনও থেকে থাকলে তাঁরা দেখাক। 

তারা নেতাকর্মীদের নিয়ে কোনো কথা বললেও বাধা না দেওয়ার‌ নির্দেশনা দেওয়া ছিল। নিহত প‌রিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করতে গেছেন; কিন্তু আহতদের কারও সঙ্গে দেখা করেন‌নি, সেখান‌ থেকেই ঝামেলা হয়েছে বলে শুনেছেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবেদ আলী জানান, নিরাপত্তার কোনো কমতি ছিল না। কিন্তু গাড়িবহর সভাস্থল ত্যাগের একপর্যায়ে কয়েকজন ইটপাটকেল ছুঁড়ে। এতে একটি গাড়ির পেছনের কাঁচ ভে্ঙে যায়। তবে কেউ হতাহত হয়নি। 

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় গোলাপগঞ্জ ছেড়ে দ্রুত সিলেট শহরের দিকে চলে যায় সারজিস আলমের গাড়িবহর। এ ব্যাপারে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন