লন্ডন : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূতের গুঞ্জন


প্রকাশ: ০৬/১০/২০২৫ ০৯:১৭:০০ অপরাহ্ন

এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা এগিয়েছে বহু দূর।


গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর সিঙ্গাপুর থেকে দেশে ফিরলে আনুষ্ঠানিক আলোচনায় বসতে পারেন দুই দলের শীর্ষ নেতারা।


তারুণ্য নির্ভর দলগুলো একসঙ্গে মিলে রাজনীতির মাঠে থাকলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা।


বেশ কিছু দিন ধরে রাজনীতির মাঠে নয়া মেরুকরণের গুঞ্জন চলছে। নির্বাচন সামনে রেখে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও ভেতরে ভেতরে প্রায় সবাই নিজেদের মধ্যে হিসাব–নিকাশ করছে। কেউ কেউ দলের প্রার্থীও ঘোষণা করছে।


পুরনো জোট ভেঙে বিএনপি-জামায়াত এখন আলাদা শক্তি। বিএনপি জোটসঙ্গীদের নিয়ে নির্বাচনের ছক কষছে। জামায়াত আছে একক সত্ত্বায়। ইসলামী দলগুলোর জোট হচ্ছে কিনা এর উত্তর এখনো মেলেনি।


এর মধ্যে অভ্যুত্থান থেকে জন্ম নেয়া দল এনসিপি ও ২০১৮ সালের কোটা আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কি একীভূত হচ্ছে? এমন গুঞ্জন চাউর হয়েছে। এর সম্ভবনা দল দুটির নেতারা উড়িয়ে দেননি।


গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সময় বলেন, সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত মধ্যমপন্থি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের অনেকটাই মিল রয়েছে। রাজনৈতিক কর্মসূচি, চিন্তার জগৎ, আদর্শিক জায়গা, ভবিষ্যৎ মিশন-ভিশনসহ নানা দিক থেকে তাদের সঙ্গে আমাদের অনেক সামঞ্জস্য রয়েছে। আমরা মনে করি, এই তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে দেশ ও জাতির জন্য মঙ্গল হবে। আর বাংলাদেশের দ্বিদলীয় বৃত্ত থেকে বের হতে চায় দেশের মানুষ।


এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, মধ্যমপন্থি গণতান্ত্রিক শক্তিগুলোর একটা আলাদা বলয় তৈরি করতে চাই। বাংলাদেশের বেশির ভাগ মানুষের আকাঙ্ক্ষা থাকে যে, এ ধরনের একটা জোট তৈরি হোক, যেখানে মধ্যমপন্থা এবং গণতান্ত্রিক শক্তিগুলো একসঙ্গে থাকবে। তবে রাজনীতিতে অনেক সমীকরণ থাকে। তাই শেষ পর্যন্ত ব্যাটে-বলে মিলবে কিনা, সেটার জন্য আরেকটু সময় লাগবে।


গণ অধিকার পরিষদ আগেই নিবন্ধন পেয়েছে, এনসিপি আছে নিবন্ধনের অপেক্ষায়। দলের কাঠামো ও উদ্দেশ্যের মিল খুঁজে তারুণ্য নির্ভর দল দুটির নেতারা বলছেন, সবার অধিকার নিশ্চিতে মধ্যমপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক নতুন ধারা জণগনের আকাঙ্ক্ষা। দুই দলের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনায় কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। একীভূত হলে নাম ও নেতৃত্বের মত বিষয়গুলো আলাপ হয়নি। তবে, এসব আলোচনার ফলাফল এখনি চূড়ান্ত বলা যাবে না।


এ বিষয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সিরিয়াস হয়ে উঠেছে। এই বিষয়গুলো আরেকটু সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে। গণ অধিকার পরিষেদের দফতর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, তরুণরা গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। গণ অধিকার পরিষদ ও এনসিপি যেহেতু তরুণদের দল, তাই তরুণ যেন এক হয়ে কাজ করেন, এ রকম একটা আলোচনা ছিল। এ আলোচনাটাই এখন লোকজন শুনতে পাচ্ছে। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে দলীয় ফোরামে আলোচনা হবে। তারপর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসা নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি ফিরে আসার পর এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দুই দলের নেতারা।


আরও পড়ুন