লন্ডন : সোমবার, ০২ মার্চ ২০২৬ ০১:৩৫ পূর্বাহ্ন

ইরানে হামলার পর অস্থিতিশীল হচ্ছে মধ্যপ্রাচ্য

ইরানে হামলার পর অস্থিতিশীল হচ্ছে মধ্যপ্রাচ্য

ইরানে হামলার পর অস্থিতিশীল হচ্ছে মধ্যপ্রাচ্য


প্রকাশ: ২৮/০২/২০২৬ ১২:১২:২০ অপরাহ্ন

ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য ও এর আশপাশে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন দেশ ইরান থেকে তাদের নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।


আগেই আভাস বা সতর্কতা দেয়া হয়েছিল যে, ইরানে এবার হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে সেই যুদ্ধ।


কিন্তু পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনায় রেখে আড়ালে এই যুদ্ধের ম্যাপ সাজিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দমিত্রি মেদভেদেভ।


ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের যেসব দেশে বিস্ফোরণ হয়েছে সে সম্পর্কে ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছে। তবে সৌদি আরবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।


এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে টার্গেট করেছে ইরান। বাহরাইন নিশ্চিত করেছে যে, সেখানে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ৫ম ফ্লিটের হেডকোয়ার্টারে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।


কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তাদের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এর আগে ইরানের আইআরজিসি নিশ্চিত করেছে যে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।


বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বেশ কয়েকটি এয়ারলাইন ও দেশ ফ্লাইট স্থগিত এবং আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।


উইজ এয়ার অবিলম্বে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি এবং জর্ডানের আম্মানগামী ও সেখান থেকে আসা সব ফ্লাইট ৭ মার্চ পর্যন্ত স্থগিত করেছে।


লুফথানসা শনিবার ও রবিবার দুবাই, তেল আবিব, লেবাননের বৈরুত এবং ওমানের মাস্কাটে যাওয়া-আসার সব ফ্লাইট স্থগিত করেছে। কেএলএম আমস্টারডাম থেকে তেল আবিবগামী সব ফ্লাইট বাতিল করেছে।


ওমান এয়ার ইরাকের রাজধানী বাগদাদে সব ফ্লাইট স্থগিত করেছে। রাশিয়া ইরান ও ইসরাইলগামী সব ফ্লাইট স্থগিত করেছে।


কুয়েত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানগামী সব ফ্লাইট স্থগিত করেছে। ইরাক সব আগমন ও প্রস্থান ফ্লাইট বাতিল করে তাদের আকাশসীমা বন্ধ করেছে। ইসরাইল সব বেসামরিক ফ্লাইট বাতিল করে তাদের আকাশসীমা বন্ধ করেছে।


ভারতের অন্যতম বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যগামী সমস্ত ফ্লাইট স্থগিত করেছে।


দুবাই, আবুধাবি, বাহরাইন, আম্মান এবং রিয়াদসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের খবর পাওয়ার পর এবং ইসরাইল-ইরান সংঘর্ষ আরও বিস্তৃত সংঘাতে রূপ নেওয়ার পর শনিবার এক ঘোষণায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট আপাতত বন্ধ ঘোষণা করেছে।


এই সংক্রান্ত এক অ্যাডভাইসরিতে মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট স্থগিত করার পাশাপাশি বলা হয়েছে, আমরা আমাদের যাত্রী এবং ক্রুদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আমরা আমাদের ফ্লাইট পরিচালনার জন্য নিরাপত্তা এবং সুরক্ষা পরিবেশ মূল্যায়ন চালিয়ে যাব এবং প্রয়োজন অনুসারে সক্রিয়ভাবে কার্যক্রম সমন্বয় করব। সেই সঙ্গে যাত্রীদের প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন। বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।


তিনি জানান, তিনি ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সা’আর এবং ওই অঞ্চলের আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে আরব অংশীদারদের সঙ্গে সমন্বয় করছেন।


ইইউ কর্মকর্তা আরও বলেন, অপ্রয়োজনীয় কর্মীদের ওই অঞ্চল থেকে সরিয়ে নেয়া হচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের কনস্যুলার নেটওয়ার্ক ইইউ নাগরিকদের নিরাপদে প্রত্যাবর্তনের ব্যবস্থা সমন্বয় করছে।


আরও পড়ুন