লন্ডনে সড়ক দুর্ঘটনা
পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন এলাকার বাসিন্দা ও টাওয়ার হ্যামলেটসের একটি স্কুলের টিচিং অ্যাসিস্ট্যান্ট ইয়াসমিন বেগম এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
বান্ধবীদের সঙ্গে তুরস্ক থেকে ছুটি কাটিয়ে দেশে ফেরার পথে স্বামী ও সন্তানদের মুখ দেখার আগেই এম১১ মহাসড়কে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫০ মিনিটের দিকে এসেক্সের হারলোর কাছে এম১১ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থেকে ফেরার পথে তাদের বহনকারী লাল রঙের অডি এ৩ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান ইয়াসমিন বেগম।
নিহত ইয়াসমিন বেগমের জন্ম ও বেড়ে ওঠা পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন এলাকায়। তার স্বামীর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট সদর উপজেলায়। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। দুর্ঘটনার সময় তার সন্তানরা তাদের নানার বাসায় মায়ের ফেরার অপেক্ষায় ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসমিন তার বান্ধবীদের সঙ্গে তুরস্কে ছুটি কাটাতে গিয়েছিলেন। ফিরতি পথে দুর্ঘটনার শিকার হন। নিহতের মরদেহ বর্তমানে হারলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ইয়াসমিনের বান্ধবীর স্বামী। গাড়িতে ওই বান্ধবীও ছিলেন। তারা দুজনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তারা বর্তমানে শঙ্কামুক্ত।