লন্ডন : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে ব্যাপক আয়োজন

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে ব্যাপক আয়োজন

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে ব্যাপক আয়োজন


প্রকাশ: ৩০/০৪/২০২৬ ১০:৪৭:০০ পূর্বাহ্ন

আগামী শনিবার একদিনের সফরে সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম সিলেট সফর। এর আগে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটে এসেছিলেন। তার আগমনকে ঘিরে সিলেটে উচ্ছ্বাস বিরাজ করছে। 

একইসঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর সফরে সিলেটবাসীর জন্য তিনটি চমক থাকছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নতুন কুঁড়ি স্পোর্টস ক্রীড়াঙ্গনে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলছে। 

সিলেটের জেলা স্টেডিয়াম থেকে এ কার্যক্রমের যাত্রা শুরু হবে। এজন্য রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামকে সাজানো হচ্ছে বর্ণাঢ্য সাজে। প্রস্তুত করা হচ্ছে মঞ্চও। গ্যালারিতে বসে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা পুরো অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। ১২ হাজার মানুষ ধারণ ক্ষমতার গ্যালারিতে বেশির ভাগই শিক্ষার্থী থাকবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। 

বিএনপি’র রাজনীতিবিদরা জানিয়েছেন- ভিআইপি গ্যালারি ও গ্যালারিতে বিএনপি’র নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। সে লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন- সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু করায় প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি ইচ্ছা করলে এটি ঢাকা থেকে শুরু করতে পারতেন। নিজের ইচ্ছায় তিনি সিলেটে এসে এটি উদ্বোধন করছেন।

 ওখান থেকে আরও কয়েকটি জেলায় ভার্চ্যুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন হবে। এই কার্যক্রমের মধ্যদিয়ে মাঠ পর্যায় থেকে খেলোয়াড় খুঁজে বের করা হবে। এতে করে আমাদের খেলাধুলার পাইপলাইন আরও সমৃদ্ধ হবে। এদিকে- গোটা স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী আসা উপলক্ষে চলছে সাজ সাজ রব। ভেতর ও বাইরে গতকাল সন্ধ্যা পর্যন্ত চলছিলো চূড়ান্ত প্রস্তুতি।

স্টেডিয়ামের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিটি’র প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন- প্রধানমন্ত্রী সিলেট সফরে আসবেন আমরা সবাই উচ্ছ্বসিত। 

তিনি সিলেটে এসে এবার সিটি করপোরেশনের তত্ত্বাবধানে থাকা ৪৬০০ কোটি টাকার কাজের উদ্বোধন করবেন। নগরের চাদনী ঘাটের সিঁড়ির সামনে এটি উদ্বোধন হবে।

এরপর তিনি নগর ভবনের সামনে সিলেটের সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এছাড়া বাসিয়া খালের খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার এই আগমনকে ঘিরে বিশ্বনাথে বইছে খুশির বন্যা। কয়েকদিন আগে বিশ্বনাথের ওই খাল পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

তিনি জানিয়েছেন- বাসিয়া খালের ২১ কিলোমিটার এলাকা খননের উদ্যোগ নেয়া হয়েছে। এই খাল খনন হলে ১ লাখ কৃষক উপকৃত হবে। এতে করে খাদ্যভাণ্ডার সমৃদ্ধ হবে বলে জানান মন্ত্রী। 

প্রধানমন্ত্রী সিলেট সফরে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। বিকালে তিনি নগরের শিল্পকলা একাডেমিতে সিলেট বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই সভায় বিএনপি’র সাড়ে ৩শ’ নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সিলেটের নেতারা।

আরও পড়ুন