লন্ডন : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন

সৌদি আরবে যুক্তরাজ্যের যুদ্ধবিমান মোতায়েন

পবিত্র কাবার ঘর, মক্কা, সৌদি আরব

পবিত্র কাবার ঘর, মক্কা, সৌদি আরব


প্রকাশ: ২০/১০/২০২৬ ০৯:২৩:১৩ অপরাহ্ন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির সরকার এ ঘোষণা দেয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক সামরিক সহায়তার অংশ হিসেবে দেশটিতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করা হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে আকাশপথের হামলা থেকে রক্ষায় প্রতিরক্ষামূলক অভিযান চালাবে এসব যুদ্ধবিমান। তবে হুতিদের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক হামলা চালানো হবে না।

এছাড়া সৌদি আরবের ভেতরে সামরিক সরঞ্জাম পরিবহনে সহায়তার জন্য একটি সামরিক পরিবহন বিমান পাঠাবে যুক্তরাজ্য। পাশাপাশি সৌদি সামরিক কর্মকর্তাদের সহযোগিতায় ব্রিটিশ সামরিক উপদেষ্টারাও কাজ করবেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, সৌদি আরবের ওপর হুতিদের ধারাবাহিক হামলা অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে রিয়াদের বিমানবন্দরে হামলা থেকে বোঝা যায়, হুথিরা আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করছে।

চলতি মাসের শুরু থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ২০ বার হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক একটি হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করেছে। তারা তেলবাহী জাহাজে হামলা চালানোর পাশাপাশি লোহিত সাগর উপকূলের ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করেছে, যা তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ। এসব হামলা ও অবরোধের প্রভাবে জ্বালানির দামও বেড়েছে। একই সঙ্গে সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

২০১৫ সাল থেকে ইয়েমেনের গৃহযুদ্ধে দেশটির সরকারকে সমর্থন দিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে কয়েক বছরের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত সেপ্টেম্বরে সংঘাত আবারও তীব্র হয়ে ওঠে।

সৌদি আরব, ইয়েমেনের সরকার ও যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান হুতিদের সহায়তা করছে। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে।

আরও পড়ুন