লন্ডন : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন

ট্রাম্পের এইচ-ওয়ান-বি ভিসা নীতিকে অবৈধ ঘোষণা

ট্রাম্পের এইচ-ওয়ান-বি ভিসা নীতিকে অবৈধ ঘোষণা

ট্রাম্পের এইচ-ওয়ান-বি ভিসা নীতিকে অবৈধ ঘোষণা


প্রকাশ: ০৯/০৬/২০২৬ ০৩:১২:০০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা এইচ-ওয়ান-বি ভিসার জন্য এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করে দিয়েছে। 

আদালত রায়ে বলেছেন, এমন ফি আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টের নেই এবং এ ধরনের নীতিগত পরিবর্তন আনার অধিকার রয়েছে একমাত্র কংগ্রেসের হাতে।

সোমবার দেওয়া এক রায়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনভিত্তিক ফেডারেল বিচারক লিও সোরোকিন বলেন, এই অতিরিক্ত অর্থ মূলত একটি করের সমতুল্য। 

কিন্তু যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কর আরোপের ক্ষমতা রয়েছে শুধুমাত্র কংগ্রেসের হাতে, প্রেসিডেন্ট এককভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

৪২ পৃষ্ঠার রায়ে বিচারক উল্লেখ করেন, প্রেসিডেন্টের এইচ-ওয়ান-বি আবেদনপত্রের ওপর কর আরোপ করার কোনো ক্ষমতা বা অর্পিত কর্তৃত্ব ছিল না।

গত বছরের ডিসেম্বরে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের একটি জোট ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। 

এ ঘটনার কয়েক মাস আগে ট্রাম্প প্রশাসন এইচ-ওয়ান-বি কর্মসূচিতে আবেদনকারীদের জন্য এক লাখ ডলারের নতুন ফি চালু করে। প্রশাসনের দাবি ছিল, কর্মসূচিটির অতিরিক্ত ব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এইচ-ওয়ান-বি ভিসা মূলত বিদেশি দক্ষ পেশাজীবীদের জন্য, যারা বিশেষায়িত পেশায় যুক্তরাষ্ট্রে কাজ করতে চান। এই ভিসার জন্য আবেদনকারীদের সাধারণত স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হয়।

ভিসাটির মেয়াদ তিন বছর এবং পরবর্তীতে আরও তিন বছরের জন্য নবায়নের সুযোগ রয়েছে। 

অর্থনীতিবিদদের মতে, এই কর্মসূচি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক দক্ষ জনশক্তি নিয়োগে সহায়তা করে, যা ব্যবসার সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রায়ে বিচারক সোরোকিন ট্রাম্প প্রশাসনের সেই যুক্তিও প্রত্যাখ্যান করেন, যেখানে বলা হয়েছিল যে অভিবাসন আইন প্রেসিডেন্টকে নীতিগত পরিবর্তনের জন্য বিস্তৃত ক্ষমতা দিয়েছে। 

বিচারকের মতে, ওই আইনগুলোতে কোথাও প্রেসিডেন্টকে অভিবাসন সংক্রান্ত বিষয়ে নতুন কর আরোপের অনুমতি দেওয়া হয়নি।

এদিকে বিচার বিভাগ মুখপাত্র নাটালি বালদাসারে এক বিবৃতিতে বলেন, বিভাগটি মার্কিন শ্রমিকদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের “আমেরিকা ফার্স্ট” নীতিকে সমর্থন করে। 

তিনি উল্লেখ করেন, একই নীতির বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় এর আগে আদালতের একটি রায় প্রশাসনের পক্ষে গিয়েছিল।

তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান বেআইনিভাবে মার্কিন শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করে বা এইচ-ওয়ান-বি কর্মসূচির অপব্যবহার করে, তাদের জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব।

এই রায়ের ফলে আপাতত এইচ-ওয়ান-বি ভিসার আবেদনকারীদের জন্য আরোপিত এক লাখ ডলারের অতিরিক্ত ফি কার্যকর থাকছে না। 

তবে ট্রাম্প প্রশাসন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আরও পড়ুন