রাত পোহালেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন
রাত পোহালেই শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ইতোমধ্যে রাজ্যজুড়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দেশটির নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আগামীকাল ২৩ এপ্রিল সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে নির্ধারিত সময় পর্যন্ত।
প্রথম দফায় মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোট হবে। এর মধ্যে উত্তরবঙ্গের ৮টি জেলার ৫৪টি আসন এবং দক্ষিণবঙ্গ ও জঙ্গলমহলের ৮টি জেলার ৯৮টি আসনে ভোটগ্রহণ হবে।
প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার এই দফায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রার্থী সংখ্যা প্রায় ১৪৭৬, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। ফলে প্রতিটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা তীব্র। নিরাপত্তার দিক থেকে এই দফাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৪০৭টির বেশি কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি মোতায়েন করা হয়েছে। সেই হিসেবে মোট জওয়ানের সংখ্যা তিন লক্ষেরও বেশি। স্পর্শকাতর বুথে বাড়তি নজরদারি, সর্বত্র নাকা চেকিং এবং রুট মার্চ জোরদার করা হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, গত এক দশকে এত কড়া নিরাপত্তা বলয় আগে দেখা যায়নি। নির্বাচনি প্রচারে এইবার নজর কেড়েছে জাতীয় ও আঞ্চলিক রাজনীতির তীব্র উপস্থিতি। বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক জনসভায় অনুপ্রবেশ ও দুর্নীতির প্রশ্নকে সামনে এনেছেন। তার বক্তব্যে উঠে এসেছে সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার প্রসঙ্গ।
অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রচারে বাংলা পরিচয় এবং আঞ্চলিক আত্মসম্মানকে বড় করে তুলে ধরছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন, বাইরের শক্তির বিরুদ্ধে বাংলার স্বার্থ রক্ষা করাই তার প্রধান লক্ষ্য।